শেয়ারবাজারে জব্দ ৯৩টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব শর্তসাপেক্ষে অবমুক্ত করা হচ্ছে। শেয়ারবাজারের দুজন বিনিয়োগকারী ও তাঁদের পরিবারের সদস্যদের নামে এসব বিও হিসাব খোলা হয়েছিল। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দীর্ঘ যাচাই-বাছাই শেষে এসব বিও হিসাবের ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আজ (১০ নভেম্বর) মঙ্গলবার এ-সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা যায়। বিএসইসি সূত্র জানায়, ৩ নভেম্বর কমিশন সভায় সংস্থাটির জব্দ করা শতাধিক বিও হিসাবের ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। এরপর এক সপ্তাহ যাচাই-বাছাই শেষে গতকালের কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
তাতে বিএসইসির জব্দ করা শতাধিক বিও হিসাবের মধ্য থেকে ৯৩টি বিও হিসাবের ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সূত্র: প্রথম আলো