ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।সংস্থাটি বলছে, জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে এক ব্যক্তির কাছে ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’ করেছিলেন আসাদুল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দুদক পরিকল্পিতভাবে ‘ফাঁদ অভিযান’ চালায়।
অভিযানকালে ১ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানার চরকামরাঙ্গী মৌজায় ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি নেন। এই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি পৃথক করা এবং নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল তিনি ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।
কিন্তু প্রায় ছয় মাসেও জমির সীমানা নির্ধারণের কাজ শেষ হয়নি।
সূত্র: প্রথম আলো