কুষ্টিয়ায় দিনদুপুরে বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে কুষ্টিয়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
রাতেই তাকে কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়।আজ সকাল সাড়ে আটটার দিকে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) ফয়সাল মাহমুদ প্রথম আলোকে বলেন, ছুরিকাঘাতের ঘটনার পরপরই পুলিশের একাধিক দল মাঠে অভিযান চালাতে থাকে। বিভিন্ন কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে শনাক্ত ও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে রাত সাড়ে ১২টার দিকে পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সেখানে সে তার খালার বাড়িতে পালিয়ে ছিল।এই পুলিশ কর্মকর্তা বলেন, রাতেই কিশোরের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টার উদ্দেশ্যে গুরুতর জখম করার অভিযোগে মামলা হয়েছে।
সূত্র: প্রথম আলো