ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তির পাশাপাশি চলমান শ্রমিক অসন্তোষ, সারসংকট ও এলপিজি গ্যাসসহ অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে জাতীয় সংসদে আলোচনার জন্য নোটিশ দিয়েছে বিরোধী দল।আজ সোমবার জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র মোহাম্মদ নাজিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, প্রধানমন্ত্রীর জাপান সফর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, রোহিঙ্গা সমস্যা এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্যও নোটিশ দেওয়া হবে।আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে করা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা এবং বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণে আলোচনার জন্য নোটিশ দিয়েছে বিরোধী দল।
জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে নোটিশ দিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম।তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্প খাতের চলমান শ্রমিক অসন্তোষ, জ্বালানিসংকট ও অন্যান্য কাঠামোগত সমস্যা নিরসন এবং খাতটির সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে সাধারণ আলোচনার জন্য ১৪৭ বিধিতে নোটিশ দিয়েছেন মোহাম্মদ নাজিবুর রহমান।
সূত্র: প্রথম আলো