রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার ১১ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।পুলিশ বলছে, তাঁদের অন্তত তিনজনের মুঠোফোন থেকে নাশকতার ছবি ও ভিডিও একটি নম্বরে পাঠানোর প্রমাণ তারা পেয়েছে।
ছবি ও ভিডিও পাঠানোর পর তিন আসামির মুঠোফোনে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা করে এসেছে।পুলিশ আরও বলছে, যে ব্যক্তির মুঠোফোনে ছবি ও ভিডিও পাঠানোর পর টাকা এসেছে, তিনি জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগনে আলিফ মোল্লা। ইলিয়াস মোল্লা ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ছিলেন।
এখন তিনি আত্মগোপনে রয়েছেন।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান প্রথম আলোকে বলেন, মিরপুরের গাড়ি পোড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, এ ঘটনার পেছনে ছিলেন আলিফ মোল্লা।
সূত্র: প্রথম আলো