দৈনন্দিন কর্মব্যস্ততার ফাঁকে একটুকরা অবসর খুঁজে নিয়ে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা ৩১ অক্টোবর বিকেলে একত্র হয়েছিলেন নগরীর লাভ লেইনস্থ মেরিটাইম মিউজিয়ামে। আসরে ছিল না কোনো আনুষ্ঠানিকতার বালাই, ছিল শুধু আড্ডা, হাসি-ঠাট্টা আর পুরোনো স্মৃতির ঝাঁপি খুলে বসা।বেলা সাড়ে তিনটার দিকে নির্ধারিত স্থানে একে একে জড়ো হতে থাকেন বন্ধুরা। তাঁদের মধ্যে ছিলেন চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষক ও শিক্ষার্থী।
কেউ অফিস শেষে সরাসরি এসেছেন, কেউ আবার সংসারের নানা দায়িত্ব সামলে সময় বের করে জড়ো হয়েছেন। দীর্ঘদিন পর দেখা হওয়ায় শুরুতেই কোলাকুলি আর কুশল বিনিময়ে মুখর হয়ে ওঠে পরিবেশ।স্কুল-কলেজজীবনের দুরন্ত দিনের গল্প দিয়ে শুরু হওয়া এ আড্ডায় এরপর উঠে এসেছে চট্টগ্রামের পুরোনো দিনের স্মৃতি, বর্তমান জীবনের নানা অভিজ্ঞতা আর অর্জনের গল্প। রীতিমতো জমে ওঠে আসর। এর মধ্যেই গানের কলি আর কৌতুকের ঝলকে হাসির রোল পড়ে যায়।
পাশাপাশি চট্টগ্রামের আঞ্চলিক ভাষার মজাদার সংলাপ আড্ডার আমেজ আরও বাড়িয়ে তোলে।আড্ডার ফাঁকে সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন।
সূত্র: প্রথম আলো