জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান বিদেশি আইনজীবী ‘অবজারভার’ (পর্যবেক্ষক) হিসেবে নিয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি বলেছেন, ‘অবজারভার’ হিসেবে বিদেশি আইনজীবী ট্রাইব্যুনালে থাকতে পারবেন এবং বিচারকাজ পরিচালনায় তাঁর আইনজীবীকে সহযোগিতা করতে পারবেন।
ট্রাইব্যুনালে আজ রোববার বিকেলে সাংবাদিকদের প্রসিকিউটর গাজী মোনাওয়ার এসব কথা বলেন। তিনি বলেন, তবে আসামিপক্ষ জানিয়েছে তারা ‘অবজারভার’ চায় না, বিদেশি আইনজীবী সরাসরি নিয়োগ দিতে চায়।এর আগে আজ ট্রাইব্যুনালে কথা বলেছেন আসামি সালমান এফ রহমান। তিনি ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে কথা বলেন। সালমান এফ রহমান বলেন, তিনি ন্যায়বিচার চান। বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়ার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশনা দিতে তিনি ট্রাইব্যুনালে আবেদন করেন।
ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করেন।
সূত্র: প্রথম আলো