প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে সংযম ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। গতকাল শনিবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে তাঁকে দৈনিক আমার দেশ পত্রিকার একটি কপি ছিঁড়তে দেখা যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ রোববার এক বিবৃতিতে এ আহ্বান জানায় সম্পাদক পরিষদ।বিবৃতিতে বলা হয়, কোনো সংবাদ বা সম্পাদকীয় বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করা গণতান্ত্রিক অধিকার।
তবে মতপার্থক্য প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা জরুরি।প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও সচিব পদমর্যাদার ব্যক্তি হিসেবে রাশেদ খাঁনের বক্তব্য ও আচরণে সংযম ও দায়িত্বশীলতা প্রত্যাশিত বলেও বিবৃতিতে উল্লেখ করেছে সম্পাদক পরিষদ।
একই সঙ্গে সাংবাদিকতার পেশাগত মান, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে সংগঠনটি।বিবৃতিতে সংশ্লিষ্ট সবার প্রতি উসকানিমূলক বক্তব্য, হুমকি ও হয়রানি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
সূত্র: প্রথম আলো