জার্মানির বিভিন্ন শহরে আগামীকাল শনিবার বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। শিক্ষা, জীবনযাত্রার ব্যয় ও সামরিক খাতে সরকারি ব্যয় বৃদ্ধির কারণে তরুণদের এই প্রতিবাদ বিক্ষোভের আয়োজন বলে জানা গেছে। অনেকে এই জেন-জি আয়োজিত বিক্ষোভের প্রতি সংহতি জানালেও বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলো আন্দোলনের সঙ্গে সংহতি প্রদর্শন করছে না।
ফ্রান্সসহ ইউরোপের কয়েকটি দেশে সাম্প্রতিক বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটায় জার্মানিতেও আগামীকালের বিক্ষোভ ঘিরে এমন পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। সহিংসতার আশঙ্কায় বিভিন্ন শহর কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপের বিভিন্ন দেশে একের পর এক বিক্ষোভ হয়েছে। ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল ও আলবেনিয়ায় কয়েক সপ্তাহের মধ্যে হাজার হাজার মানুষ রাজপথে নেমেছেন।
কোথাও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কোথাও শিক্ষাব্যবস্থার উন্নয়ন, আবার কোথাও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ছিল এসব আন্দোলনের মূল বিষয়।
সূত্র: প্রথম আলো