ডাব চুরি করতে গাছে উঠেছিলেন এক যুবক। কিন্তু বিষয়টি টের পান স্থানীয় কয়েকজন। তাঁদের উপস্থিতি টের পেয়ে আর নামার সাহস পাচ্ছিলেন না যুবক। তাঁর ভয়, গাছ থেকে নামলেই পুলিশ তাঁকে ধরে নিয়ে যাবে। ফায়ার সার্ভিস ও পুলিশ এসেও তাঁকে নামাতে পারেনি। শেষ পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নিজেই নিচে নেমে আসেন।গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে জামালপুর শহরের টিক্কাপট্টি এলাকার একটি নারকেলগাছে ওই যুবককে দেখতে পান স্থানীয় কয়েকজন।
এরপর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাছ থেকে নামেন তিনি।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক জামালপুর শহরের বাসিন্দা। গতকাল রাতে তিনি টিক্কাপট্টি এলাকায় একটি নারকেলগাছে ওঠেন। এ সময় স্থানীয় লোকজনের নজরে পড়েন তিনি। লোকজন এগিয়ে এলে গাছ থেকে নামতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে গাছের মাথায় বসে থাকেন তিনি।পরে রাত ১০টার দিকে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধারের চেষ্টা শুরু করেন।
সূত্র: প্রথম আলো