সিলেটে নিজেদের ডেটা সেন্টারে ৩২৫ কিলোওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করেছে গ্রামীণফোন। সৌরবিদ্যুৎকেন্দ্রটিতে ৪৫০টি উচ্চক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে। গ্রামীণফোনের দাবি, সম্প্রতি চালু হওয়া সৌরবিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশের যেকোনো ডেটা সেন্টারে স্থাপন করা সৌরবিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে বৃহত্তম।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রামীণফোনের পরিচালিত অবকাঠামোজুড়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে সৌরবিদ্যুৎকেন্দ্রটি।
জেডটিই–এর কারিগরি সহায়তায় চালু করা কেন্দ্রটি থেকে বছরে ৩০০ মেগাওয়াট-ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে, যা বছরে প্রায় ১৮৮ টন কার্বন ডাই–অক্সাইড নির্গমন কমাবে।সৌরবিদ্যুৎকেন্দ্রটির উদ্বোধন করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান।
সূত্র: প্রথম আলো