নতুন শাড়ি–গয়না পরে ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে ভোট দিতে এসেছেন জবা রানী (১৯)। দুই মাস আগে বিয়ে হয়েছে তাঁর। এবারের নির্বাচনই জীবনের প্রথম ভোট তাঁর। দিনটিকে স্মরণীয় করে রাখতে সেজেছেন। জবা রানী প্রথম আলোকে বলেন, ‘প্রথম ভোটের অনুভূতিটাই অন্য রকম। এই দিনটাকে স্মরণীয় করে রাখতে একটু সেজে এসেছি।’ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ বঠিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সকাল ১০টার দিকে ভোট দেন গৃহবধূ জবা রানী।
ওই সময় কেন্দ্রটিতে নারীদের লাইনে দীর্ঘ সারি দেখা যায়। সারি এঁকেবেঁকে কেন্দ্রের ফটক পর্যন্ত চলে গেছে। তবে পুরুষদের লাইনে তুলনামূলকভাবে ভিড় কম ছিল।একই কেন্দ্রে ভোট দিয়েছেন দক্ষিণ বঠিনা এলাকার বাসিন্দা পঞ্চমী রানী (৭৬)। তাঁর অভিযোগ, আজ এই ভোটকেন্দ্রে প্রার্থীদের লোকজন ভোটারদের নিজেদের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘হামরা কাক ভোট দিমো, আগতেই ঠিক করে ফেলাইছু।
এইঠে চাপাচাপি ক্যানেতে?’দক্ষিণ বঠিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের জন্য তিনটি বুথ রয়েছে।
সূত্র: প্রথম আলো